কিশোরগঞ্জে দীর্ঘ ১৮ বছর আগের হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং অর্থ পরিশোধ না করলে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। আদালতের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রহম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল নয়াপাড়া এলাকায়। নিহত জয়নাল আবেদীনও একই এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি জেলা শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে চাকরি করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৮ সালের ১১ জানুয়ারি সন্ধ্যায় শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের হোটেলে গিয়ে চা-পুরি খাওয়ানোর কথা বলে জয়নালকে বাইরে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন এবং পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে অন্য কয়েকজনের নাম এলেও পরবর্তীতে সিআইডির তদন্তে প্রকৃত অপরাধী হিসেবে এই তিনজন শনাক্ত হন এবং তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এই রায় দিলেন।