ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ি পৌরসভার নয়নপুর এলাকার পৈতৃক বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোররাত সাড়ে তিনটার দিকে সংঘটিত এ ঘটনার সময় ওই বাড়িতে তার মা-বাবা অবস্থান করছিলেন।
বাড়ির বাইরে বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেওয়া হলেও প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে তা নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষতি থেকে পরিবারটি রক্ষা পায়। সাদিক কায়েমের বাবা আবুল কাশেম গণমাধ্যমকে জানান, বিকট শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দরজার সামনে আগুন দেখতে পান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেলের বোতলসহ নানা আলামত সংগ্রহ করেছে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, দেয়ালের বাইরে থেকে কেরোসিন ও কাগজ ব্যবহার করে আগুন লাগানোর অপচেষ্টা করা হয়েছিল এবং দ্রুত তা নিয়ন্ত্রণে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকসু ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে এই অগ্নিসংযোগের পরিকল্পনা করেছিল। এদিকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নেতারা জাতীয় নেতৃবৃন্দের বাসাবাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।