ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট বিজিবি মোতায়েন করা হয়েছে ৪২ প্লাটুন। এছাড়া ময়মনসিংহের ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে আরও দুই প্লাটুন বিজিবি সদস্য। পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলন মাঝে মাঝে সহিংস রূপ নেওয়ায় এই বাড়তি সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্দিষ্ট এলাকাভিত্তিক মোতায়েনকৃত বিজিবির মধ্যে ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে রয়েছে বিশ প্লাটুন। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সালনাসহ বিভিন্ন স্থানে কাজ করছে পনেরো প্লাটুন। এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, বিসিক শিল্পনগরী ও কাঁচপুর ব্রিজসহ বিভিন্ন এলাকায় সাত প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বাহিনীটি।
মোতায়েন করা এসব বিজিবি সদস্য স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের এই নজরদারি ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।