কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খাওয়ার পর শ্বাসকষ্ট শুরু হওয়ায় মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়ার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা আড়াইটার দিকে সেন্ট মার্টিন বাজারের একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার সময় চিংড়ি মাছ খান ইব্রাহিম। খাবার গ্রহণের কিছুক্ষণ পরেই তিনি তীব্র শারীরিক অস্বস্তি ও শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করেন। অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে সেন্ট মার্টিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানকার চিকিৎসকদের পরামর্শে বেলা তিনটার দিকে একটি দ্রুতগতির স্পিডবোটে করে তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে বিকেল সোয়া চারটার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিমকে মৃত বলে ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. এনামুল হক জানিয়েছেন, ইব্রাহিমকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল এবং তাঁর আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল বলে জানা গেছে। এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, পর্যটকের মৃত্যুর বিষয়টি তাঁরা অবগত আছেন এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।