যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর প্রধান ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্ম ‘ক্লাউড ওয়ান’-এ সাইবার হামলা চালিয়েছে হ্যাকাররা। প্রায় এক মাস আগে প্ল্যাটফর্মটি আধুনিকায়নের কাজ চলার সময় এই অনুপ্রবেশের বিষয়টি শনাক্ত হয়। এই ঘটনার ফলে সামরিক কৌশল, কর্মী ও রসদ ব্যবস্থাপনা-সংক্রান্ত বিপুল পরিমাণ সংবেদনশীল তথ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।
২০১৭ সালে চালুকৃত এই প্ল্যাটফর্মের মাধ্যমে বিমানবাহিনীর তথ্যপ্রযুক্তি সেবা, কর্মীদের বেতন, রক্ষণাবেক্ষণ এবং ক্ষেপণাস্ত্রের হিসাব রাখার মতো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন পরিচালিত হয়। হামলার পর প্ল্যাটফর্মটির কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। ব্যাক-অফিস অ্যাপ্লিকেশন স্থানান্তরের কাজ স্থগিত রাখা হয়েছে এবং নিরাপত্তা আপডেট প্রয়োগ বন্ধ রয়েছে।
হ্যাকাররা কারা এবং কোনো তথ্য চুরি হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য মার্কিন সামরিক বাহিনীর সাইবার শাখা সাইবার কমান্ডকে যুক্ত করা হয়েছে। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট কোনো সিস্টেমের নিরাপত্তা নিয়ে তারা মন্তব্য করে না, তবে তথ্য সুরক্ষায় নিয়মিত পদক্ষেপ নেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ও নিরাপত্তা প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলার খবরের মধ্যেই বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। এর আগে সিআইএ এবং পেন্টাগনের তথ্যব্যবস্থাতেও হ্যাকারদের হামলার খবর প্রকাশিত হয়েছিল। নিরাপত্তা বিশ্লেষকরা সামরিক খাতের এই সাইবার হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে দেখছেন।