সৌদি আরবের জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। গত বৃহস্পতিবার ২৬ নভেম্বর জাজানের তেল পরিশোধনাগারে এই হামলা চালানো হয়। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এই হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, হুথি গোষ্ঠীর এই হামলার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।
হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র জাজান বন্দরে এসে পড়ে এবং সামান্য ক্ষয়ক্ষতি হয়। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। অন্যদিকে, সৌদি জোট লোহিত সাগর উপকূলের জেদ্দা বন্দরের কাছে একটি হুথি ড্রোন ধ্বংস করার দাবি করেছে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, জেদ্দা বন্দরের কাছে ড্রোনটি বিধ্বস্ত হলেও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
ইয়েমেনের একটি বন্দরে সৌদি হামলার জবাবে এই আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে হুথিরা। হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন যে, তাদের চালিত হামলায় নির্দিষ্ট লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের পানিসীমায় দুবাইয়ের পঞ্চাশ নটিক্যাল মাইল পশ্চিমে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওই এলাকার একটি তেল ট্যাঙ্কারের কাছে অজ্ঞাত বস্তুর আঘাতে এই বিস্ফোরণ ঘটে। তবে ট্যাঙ্কারের সব নাবিক নিরাপদ আছেন এবং জাহাজটির কোনো ক্ষতি বা পরিবেশ দূষণ হয়নি।