পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় পুলিশের একটি দলের ওপর সন্ত্রাসী হামলায় এক ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ ও উপপরিদর্শকসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার সংঘটিত এই হামলায় আরও ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং হামলাকারীরা পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
পুলিশের জনসংযোগ বিভাগ জানায়, অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান শেষে স্থানীয় সিভিল প্রশাসনের সাথে যৌথভাবে ফেরার পথে কোহাটের দারাবুকাক্স বা দারবোকাচ জালান্দার বান্দা এলাকায় এই অতর্কিত হামলা চালানো হয়। পাহাড়ি ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।
খাইবার পাখতুনখোয়া পুলিশ জানিয়েছে, পুলিশ সদস্যরা সাহসিকতার সাথে আক্রমণকারীদের মোকাবিলা করায় তাদের পাল্টা গুলিতে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তাদের মধ্যে গামবাতের ডিএসপি হায়দার জামান ও এসআই মুখতিয়ার অন্তর্ভুক্ত রয়েছেন।
কোমাট পুলিশের মুখপাত্র মুহাম্মদ নোমান জেব এই হামলার সত্যতা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে আহত ১২ জন পুলিশ সদস্যকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গামবাত তহসিলে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি জেলা সদর হাসপাতাল টিচিং হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, অপরাধীচক্র ও নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীর এই যৌথ হামলার মদদদাতাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।