বুধবার ২৫ নভেম্বর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। ফেসবুকে প্রকাশিত ওই ইংরেজি পোস্টে তিনি জানান, তারা দুজনে দীর্ঘ পথচলার পর আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং এখন থেকে নিজ নিজ পথে এগিয়ে যাবেন।
বিচ্ছেদের এই সময়ে সবার কাছে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং পরিস্থিতির প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন গায়িকা। তিনি আশা প্রকাশ করেছেন যে, জীবনের নতুন এই অধ্যায়টি তিনি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে গ্রহণ করতে পারবেন এবং বরাবরের মতো ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সমর্থন অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে অনুপম রেকর্ডিং মিডিয়ার প্রধান অপারেটিং অফিসার ও গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। এটি ছিল এই সংগীতশিল্পীর তৃতীয় সংসার, যা আনুষ্ঠানিকভাবে ভেঙে যাওয়ার ঘোষণা আসলো। এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভ এবং পরবর্তীতে ২০১৩ সালে নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেছিলেন তিনি।