যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারচিয়েভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) ৬৬ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু হয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে তাঁর মৃত্যুর কারণ বা বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মাত্র দেড় বছর দায়িত্ব পালন করেছিলেন তিনি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে দারচিয়েভকে একজন অসাধারণ কূটনীতিক, অভিজ্ঞ নেতা ও সদয় সহকর্মী হিসেবে স্মরণ করা হয়েছে। এছাড়া তিনি রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন বলে জানানো হয়।
পশ্চিমা দেশগুলোর কঠোর সমালোচক হিসেবে পরিচিত এই জ্যেষ্ঠ কূটনীতিককে ২০২৫ সালের মার্চে যুক্তরাষ্ট্রে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওয়াশিংটন ও মস্কোর কূটনৈতিক যোগাযোগ পুনরায় জোরদার করাই ছিল তাঁর নিয়োগের অন্যতম প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের আগে তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর দারচিয়েভ একে প্রয়োজনীয় ব্যবস্থা বলে উল্লেখ করেছিলেন।