পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি কৃষ্ণ রায়ের একক বেঞ্চ স্পিকারের আগের সিদ্ধান্ত খারিজ করে আগামী দশ দিনের মধ্যে নতুন করে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের এই রায়ের ফলে বর্তমানে রাজ্যটিতে বিরোধী দলনেতার পদটি ফাঁকা রয়েছে।
এর আগে গত ৩ জুন বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেস নির্বাচনে আশিটি আসন পেয়ে প্রধান বিরোধী দল হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করে ৯ মে স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছিলেন। কিন্তু সেই চিঠির ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং পরবর্তীতে ওই চিঠির স্বাক্ষর নিয়ে জালিয়াতির অভিযোগ ওঠে।
তৃণমূল দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১ জুন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করে। এরপর বিক্ষুব্ধ বিধায়করা স্পিকারের কাছে ঋতব্রতকে বিরোধী দলনেতা করার পক্ষে নতুন চিঠি দিলে স্পিকার তাকে স্বীকৃতি দেন। স্পিকারের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
শুক্রবার দেওয়া রায়ে বিচারপতি ঋতব্রতের বিরোধী দলনেতার স্বীকৃতির পাশাপাশি স্পিকার কর্তৃক চিফ হুইপ হিসেবে বিধায়ক আখরুজ্জামানের নিয়োগও বাতিল করেন। আদালতের এই আদেশের ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির একটি বড় সাফল্য অর্জন করল বলে সংবাদমাধ্যমে এসেছে।