অভ্যন্তরীণ তথ্য পাচার এবং সম্প্রতি ঘটা নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশের আরও দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ নভেম্বর) গাজীপুর ও নোয়াখালী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া দুই পুলিশ কর্মকর্তা হলেন ২৫তম বিসিএস ব্যাচের মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএস ব্যাচের মো. রাকিবুল হাসান।
এর আগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছিল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা এবং বাহিনীর গোপনীয় তথ্য ফাঁসের ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্যের নাম আসার পর এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরের নজরদারির বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পুলিশের কিছু সদস্য নিষিদ্ধ শক্তির সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র চালাচ্ছেন এবং তাদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া শুরু হয়েছে।
পুলিশের উচ্চপর্যায়ের সূত্রগুলো জানিয়েছে, নিষিদ্ধ দলের অনলাইন কর্মসূচি ও বিদেশে পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন ইউনিটে পরিবর্তন আনার পাশাপাশি মাঠপর্যায়ের পুলিশ বাহিনীকে নতুন করে সাজানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্ত বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশ ও গোয়েন্দা দলগুলো তৎপর রয়েছে।