পশ্চিমবঙ্গে কোনো অবস্থাতেই গরু জবাই করতে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তেইশে নভেম্বর রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান। এ ধরনের কার্যক্রম ঠেকাতে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নতুন বিল আনার পরিকল্পনাও রয়েছে সরকারের।
মুখ্যমন্ত্রী জানান, ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট এবং কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুসরণ করে গবাদি পশু সংক্রান্ত আইন কার্যকর রাখা হবে। বয়স্ক ও অসুস্থ গরুর লালন-পালন ও চিকিৎসায় ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি পর্যন্ত আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এ ছাড়া রাজ্যে গোকুল মিশন চালুর সিদ্ধান্তেও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গের ইংরেজি নাম পরিবর্তনেরও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এতদিন ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ লেখা হলেও এখন থেকে ইংরেজি হরফেও ‘পশ্চিমবঙ্গ’ নামেই তা লেখা হবে। একই সঙ্গে সরকারি চাকরির পরীক্ষায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের আবেদন ফি দিতে হবে না বলে জানিয়েছেন তিনি; এই পরীক্ষার সম্পূর্ণ খরচ রাজ্য সরকার বহন করবে।
পাশাপাশি প্রতিবেশী দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ প্রসঙ্গেও কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি উল্লেখ করেন, বৈদেশিক বিষয়ে কোনো প্রদেশের সরকার সরাসরি মন্তব্য বা হস্তক্ষেপ করতে পারে না। তবে এ বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। গবাদি পশু সুরক্ষা ও কসাইখানা সংক্রান্ত বিষয়ে প্রচলিত আইন মেনেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি পরিষ্কার করেন।