টানা কয়েক দিনের সহিংসতার পর গোপালগঞ্জে জনজীবন ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। শুক্রবার রাত থেকে জেলায় নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগে থেকে মোতায়েন থাকা ২৯ প্লাটুনের সঙ্গে নতুন করে আরও ২৬ প্লাটুন বিজিবি যুক্ত হয়েছে। এর ফলে জেলাটিতে বর্তমানে বিজিবির মোট ৫৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৫ প্লাটুন ব্যাটালিয়ন আনসারও মোতায়েন রয়েছে।
শনিবার জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কগুলোতে রিকশা, ইজিবাইকসহ বিভিন্ন হালকা যান চলাচল করছে। বাজারের দোকানপাট খুলেছে এবং সাধারণ মানুষের উপস্থিতিও বাড়ছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে গণপরিবহন চালু হলেও ঢাকা-গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল এখনও বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা আগামী রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সহিংসতার কারণে ক্ষতিগ্রস্ত টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম আপাতত বন্ধ রাখা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিন পরিদর্শনে গত কাল তিন বাহিনীর প্রধানগণ জেলাটি সফর করেন। বর্তমানে শহরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
নতুন করে বিজিবি নামানোর বিষয়ে বিজিবির মিডিয়া সেলের উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপালগঞ্জের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন বরাদ্দকৃত ২৬ প্লাটুন বিজিবি শনিবার সন্ধ্যার মধ্যেই নির্দিষ্ট এলাকায় পৌঁছে তাদের কার্যক্রম শুরু করবে।