উত্তরের জেলা পঞ্চগড়ে রাতের বেলা তাপমাত্রা কমে যাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা ও অনুভূতি। বৃহস্পতিবার সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার সকাল ৬টায় রেকর্ড করা এই সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল আটানব্বই শতাংশ। এর আগের দিন বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে তিন দশমিক দুই ডিগ্রি।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পাচ্ছে। এর আগে মঙ্গলবার সকালে তাপমাত্রা ছিল সতেরো দশমিক চার ডিগ্রি, সোমবার আঠারো দশমিক পাঁচ ডিগ্রি, রবিবার ষোলো দশমিক চার ডিগ্রি, শনিবার পনেরো দশমিক আট ডিগ্রি এবং শুক্রবার পনেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বুধবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।
আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। তিনি জানান, চলতি ডিসেম্বর মাসে পঞ্চগড় অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।