সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন শনাক্ত হওয়ায় দেশের বিভিন্ন স্থানে দেড় লাখের বেশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস অ্যাকাউন্ট বন্ধ বা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে, যার অধিকাংশ হিসাবই গোপালগঞ্জ জেলার ঠিকানায় নিবন্ধিত। রোববার এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।
গত বুধবার রাত থেকে গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকার গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাবের লেনদেন স্থগিত হতে শুরু করে। এমনকি গোপালগঞ্জে বাড়ি ও ভোটার আইডি কার্ডের ঠিকানা হলেও ঢাকার বাইরে বসবাসকারী অনেকের হিসাবও এই ব্যবস্থার আওতায় বন্ধ বা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর ফলে সাধারণ গ্রাহক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা অর্থ উত্তোলন কিংবা পাঠানো নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।
সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আর্থিক উসকানি ও অর্থায়নের অভিযোগ রয়েছে। এসব ঘটনার পর আর্থিক খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্দেহজনক লেনদেন নিয়ন্ত্রণে এই কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে গোপালগঞ্জে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ রাখার ঘটনায় বাংলাদেশ ব্যাংককে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে কোনো ধরনের পূর্বঘোষণা বা সুনির্দিষ্ট আইনগত কারণ ছাড়াই জেলার প্রায় দশ লাখ মানুষের এই সেবা বন্ধ রাখাকে গ্রাহক অধিকারের পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে এবং দ্রুত লেনদেন চালুর দাবি জানানো হয়েছে। তবে বন্ধ থাকা এসব হিসাব কবে নাগাদ পুনরায় সচল হতে পারে, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি।