বঙ্গোপসাগরে নতুন করে আরেকটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, যার সম্ভাব্য নাম রাখা হয়েছে ‘কানি’। ভারতের আবহাওয়া দপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, গত ২৯ নভেম্বর দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তীতে ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। মালদ্বীপের প্রস্তাবিত এই নামটি যদি সত্যি রূপ নেয়, তবে তা এক মাসে বঙ্গোপসাগরে চতুর্থ ঘূর্ণিঝড় হিসেবে আত্মপ্রকাশ করবে।
আইএমডির তথ্য বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর অঞ্চলে ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে এটি আরও শক্তি অর্জন করতে পারে। তবে আবহাওয়া মডেলগুলোর বিশ্লেষণ অনুযায়ী, সিস্টেমটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি সমুদ্রেই দুর্বল হয়ে যাবে, সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
যদি এই আবহাওয়াব্যবস্থাটি পূর্ণাঙ্গ শক্তি সঞ্চয় করে এগিয়ে যায়, তবে তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে আঘাত হানতে পারে। এছাড়া আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে এটি শ্রীলঙ্কা, তামিলনাড়ু ছাড়াও উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে কিছু প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের উপকূলে এর সরাসরি আঘাত হানার আশঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা।
এই সম্ভাব্য আবহাওয়ার পরিবর্তনের প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সাময়িকভাবে বাড়তে পারে। কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের মতে, আগামী দিনগুলোতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেয়ে শীতের আমেজ কিছুটা কমিয়ে দিতে পারে। তবে এই উষ্ণ ভাব বেশিদিন স্থায়ী হবে না এবং আগামী ৩ ডিসেম্বর থেকে তাপমাত্রা পুনরায় কমে শীতের আবহ ফিরে আসতে পারে।