ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে যশোরের চার হাজার হেক্টর ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ার কারণে এর গুণগত মান ও বাজারমূল্য হ্রাসের আশঙ্কা করছেন চৌগাছার কৃষকরা। এছাড়া বরগুনা জেলাতেও আমন ধান, শীতকালীন সবজি ও আগাম তরমুজের ক্ষেত তলিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে বড় ধরনের ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে।
বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলাটিতে এক লাখ ৬৩৩ হেক্টর জমিতে আমন ধান এবং এক লাখ দুই হাজার ৬১৪ হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। এর পাশাপাশি আট হেক্টর জমিতে আগাম তরমুজের চারা রোপণ করা হয়েছিল। অবিরাম বৃষ্টির কারণে অনেক স্থানে কেটে রাখা পাকা ধান জমিতেই পচে নষ্ট হতে শুরু করেছে।
চাষিরা জানিয়েছেন, শীতকালীন সবজি উৎপাদনে সার, বীজ, কীটনাশক ও সেচ বাবদ ইতোমধ্যে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করা হয়েছে। ক্ষেতে পানি জমে থাকায় চারা ও বীজ পচে যাওয়ার পাশাপাশি রোগবালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তালতলী উপজেলার গাবতলী এলাকার কৃষক মান্নান হাওলাদার জানান, তার ২১ একর জমির আমন ধান পানিতে তলিয়ে গেছে। এছাড়া আগাম তরমুজ চাষি লিমন গাজীর প্রায় এক লাখ টাকার চারা নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম বদরুল আলম জানান, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সম্পূর্ণ নিরূপণ করা যায়নি। মাঠপর্যায়ে কর্মরত কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং তালিকা প্রস্তুত সাপেক্ষে তাদের সরকারি সহায়তা প্রদান করা হবে।