সাবেক প্রধানমন্ত্রীর সম্ভাব্য প্রত্যাবর্তন ও ডিসেম্বরে বিভিন্ন পক্ষের তৎপরতার গুঞ্জনকে কেন্দ্র করে দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে যশোর ও বেনাপোলসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, এই মাসে কোনো বিতর্কিত ব্যক্তি বা অবৈধ অনুপ্রবেশকারী যাতে দেশের ভেতরে প্রবেশ করতে না পারে এবং একই সঙ্গে কেউ যেন সীমান্ত পেরিয়ে বাইরে যেতে না পারে, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি পুশইন, মাদক চোরাচালান এবং অস্ত্র বা বিস্ফোরক পরিবহন রোধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি প্রধান এই তথ্য জানান। এর আগে তিনি ফেনী ও কুমিল্লা সীমান্ত এলাকাও পরিদর্শন করেন।
এদিকে বেনাপোল সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম আলম সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে তাদের টহল দলগুলো সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দেশের সার্বিক স্থিতিশীলতা রক্ষায় স্থানীয় জনসাধারণকে যেকোনো সন্দেহজনক গতিবিধি ও অপরাধের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি।