দক্ষিণ বঙ্গোপসাগর থেকে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে চলা প্রবল ঘূর্ণিঝড় 'আকভান' আজ শুক্রবার দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অরর্ণব ও মুরাসুরের পর বঙ্গোপসাগরে এটি চলতি মৌসুমের তৃতীয় ঘূর্ণিঝড়, যার নামকরণ করেছে ইরান।
কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ড. হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, পূর্বাভাস অনুযায়ী সিস্টেমটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অন্ধ্র ও ওড়িশা উপকূল পার হবে। আবহাওয়ার অবনতি হওয়ায় ওড়িশার উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরী ও গোপালপুরে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
বৃহস্পতিবার থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির তীব্রতা বেড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় ভারতীয় রেলও একাধিক ট্রেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে।
উল্লেখ্য, নিম্নচাপ থেকে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া আকভানের গতিপথে যাত্রাপথে পরিবর্তন এসেছে। ফারসি মহাকাব্য 'শাহনামা'-র পৌরাণিক চরিত্র 'আকভান-ই দিভ' বা দুষ্ট চিন্তার উৎস এমন একটি রাক্ষুসে চরিত্রের নামানুসারে ইরানের দেওয়া এই নামকরণ করা হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাসহ সংলগ্ন রাজ্যগুলোতে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে।