বুধবার রাত থেকে নতুন কোনো সংঘর্ষের ঘটনা না ঘটলেও গোপালগঞ্জজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মহাসড়ক অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাছের গুঁড়ি ফেলে পথরোধ করা হয়। এর আগে গত ১৭ নভেম্বর থেকে গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও একই কায়দায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহর ও অভ্যন্তরীণ সড়কে যানবাহনের উপস্থিতি খুবই কম এবং মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে আসছেন না। অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এদিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিজিবি, এপিবিএন ও আনসার সদস্যদের অবস্থান দেখা গেলেও বুধবার থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে কোনো নিরাপত্তা চৌকি চোখে পড়েনি।
গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের থানাপাড়া এলাকায় বিএনপির সংসদ সদস্য ডা. কে এম বাবরের আরাফ ক্লিনিকে হামলা ও ভাঙচুর চালিয়ে আসবাবপত্র পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এছাড়া কাশিয়ানী উপজেলায় এক ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে আগুন এবং এক জামায়াত নেতার দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে।
এর আগে মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয় এবং আসামিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি অস্ত্র লুট করা হয় বলে অভিযোগ রয়েছে। বিকেলে পুলিশ নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করার পর স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ব্যবহার করে।