জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বিকেল সোয়া চারটায় অধিবেশন শুরু হয়।
প্রধানমন্ত্রী তুলনামূলক চিত্র তুলে ধরে জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তীতে চলতি ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার আয়ের প্রধান উৎস উল্লেখ করে সংসদ নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিদেশে শ্রমিক পাঠানোর ব্যবস্থা ও এই খাত চালুর উদ্যোগ নিয়েছিলেন। বৈধ পথে প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়াতে এবং হুন্ডি প্রতিরোধে বর্তমান সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, লেনদেন ব্যয় কমানো এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে তফসিলি ব্যাংক, বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। পাশাপাশি বৈধ পথে রেমিট্যান্সের প্রবৃদ্ধি বাড়াতে নগদ সহায়তা প্রণোদনা প্রদান করা হচ্ছে এবং এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি হিসাবে রেমিট্যান্স পাঠানোর ব্যবস্থা রয়েছে।