রবিবার (১৫ নভেম্বর ২০২৬) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা শহরে লগি-বৈঠা, রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ মিছিল ও মহড়া দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, ভ্যান ও ট্রাকে করে এসে তারা শিশু পার্ক ও বিসিক এলাকায় জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে বিসিক ব্রিজ এলাকা থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান এবং লঞ্চঘাট এলাকায় একটি পুলিশ বক্স ও পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ভাঙচুর করেন। এ সময় সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে স্লোগান দেওয়া হয় এবং লাল রঙের স্প্রে দিয়ে তার গায়ে ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। এছাড়া গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকার জুলাই স্মৃতিস্তম্ভ, গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’-এর নামফলক সরিয়ে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা ব্যানার টানানো হয়।
এই সহিংসতার ঘটনায় শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দোকানপাট বন্ধ করে সরে যান। পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে অবরোধের চেষ্টার কারণে লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা শহরে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের পাশাপাশি বর্তমানে ৬ প্লাটুন বিজিবি মাঠে কাজ করছে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, বর্তমানে জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশের টহল জোরদার রয়েছে বলে জানান তিনি।