সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক নাগরিক স্মরণসভার আয়োজন করা হয়েছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুম নেত্রীর পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকরা এই আয়োজনে অংশ নেবেন।
নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তাঁর জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।
এই স্মারকগ্রন্থের জন্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তাঁর সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে। প্রতিটি লেখা এক হাজার দুইশ থেকে এক হাজার পাঁচশ শব্দের মধ্যে হতে হবে। লেখকদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে এবং সম্পাদকীয় বিবেচনায় শুধু নির্বাচিত লেখাই প্রকাশ করা হবে।
স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তাঁর অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ, সরকার পরিচালনা, সুশাসন এবং অন্তিম সময়। এছাড়া তাঁর কর্মময় ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন এবং জাতীয় জীবনে অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।