অসদাচরণ, পলায়ন, ক্ষমতার অপব্যবহার এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরও একজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
চাকরি থেকে বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) প্রলয় কুমার জোয়ারদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. নাজমুল ইসলাম, সিআইডির সাবেক সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগ, দ্বিতীয় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক এএসপি মোদু আরিফুজ্জামান, গাইবান্ধা ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. শামীম এবং সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান। এছাড়া রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা, কাজে যোগ দেওয়ার সরকারি নির্দেশনা অমান্য করা এবং ক্ষমতার অপব্যবহার করে অপহরণ ও অর্থ দাবিসহ নানা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অভিযোগে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ার পর অভিযুক্তদের দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ে তারা ওই নোটিশের সন্তোষজনক জবাব দেননি। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে এবং পিএসসির সঙ্গে পরামর্শ করে সরকার তাদের বিরুদ্ধে এই গুরুদণ্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন করে।