দক্ষিণ এশিয়ার ফুটবলে প্রথমবারের মতো ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি যুক্ত হতে চলেছে। দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) এক বিবৃতিতে জানিয়েছে, চলমান সাফ চ্যাম্পিয়নশিপের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘোষণা দেওয়া হয়।
তবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে সরাসরি এই কার্যক্রম পরিচালিত হবে না। আসিয়ান ফুটবল ফেডারেশনের সহায়তায় এবং ফিফা-স্বীকৃত স্পেনভিত্তিক প্রতিষ্ঠান 'কোয়ালিটি'-এর মাধ্যমে থাইল্যান্ড থেকে রিমোট পদ্ধতিতে ভিএআর পরিচালিত হবে। ঢাকার ম্যাচের ভিডিও ফুটেজ ইন্টারনেটের মাধ্যমে থাইল্যান্ডের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পাঠানো হবে। সেখানে ভিডিও ম্যাচ কর্মকর্তারা আইএফএবির প্রটোকল মেনে মাঠের রেফারিকে পরামর্শ দেবেন।
প্রযুক্তি নির্বিঘ্ন করতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে রেফারি রিভিউ এরিয়া এবং টেকনিক্যাল অপারেশনস টিম এরিয়া মনিটর স্থাপন করা হয়েছে। এছাড়া কোয়ালিটির বিশেষজ্ঞরা ঢাকায় অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন। ইন্টারনেট ও দূরত্বের জটিলতা প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল জানিয়েছেন, আসিয়ান কাপের মতো এখানেও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে।
এই পদক্ষেপকে দক্ষিণ এশীয় ফুটবলের পেশাদার মান বাড়ানোর পথে একটি যুগান্তকারী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন পুরুষোত্তম কাট্টেল। এএফসি ও এএফএফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এই প্রযুক্তি টুর্নামেন্টের মান আরও উন্নত করবে।