রোববার বাইশ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন দুই পুলিশ সদস্য। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩২) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহত আনোয়ার সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় হাশেমবাগ এলাকায় একদল দুর্বৃত্ত শীতলক্ষ্যা ফাঁড়ির কনস্টেবল আনোয়ার ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তারকে ধাওয়া করে। হামলার মুখে এএসআই আব্দুস সাত্তার দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পেলেও কনস্টেবল আনোয়ার হোসেন দুর্বৃত্তদের হাতে ধরা পড়েন। এ সময় তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী গণমাধ্যমকে জানান, সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ওই পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, ওই এলাকায় মাদকের একাধিক স্পট রয়েছে এবং হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।