বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা ও একঝাঁক শীর্ষ তারকাকে বিশ্রাম দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। বাভুমার পায়ের পেশির চোটের কারণে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন কেশব মহারাজ। অন্যদিকে, টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বিয়ন ফরটুইন। ইংল্যান্ডের বিপক্ষে সামনের টেস্ট সিরিজকে সামনে রেখেই এই বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চলমান টেস্ট স্কোয়াডের মাত্র তিনজন—আনরিখ নরকিয়া, করবিন বশ ও টনি ডি জর্জি জায়গা পেয়েছেন ওয়ানডে দলে। বিশ্রামে থাকা তারকাদের মধ্যে আছেন এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, মার্কো জানসেন, রায়ান রিকেলটন ও ম্যাথিউ ব্রিটজকে। এছাড়া নেপাল প্রিমিয়ার লিগে খেলার কারণে ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় দল থেকেই বাদ পড়েছেন ডেভিড মিলার। দ্বিতীয় টেস্টে না খেলা কেশব মহারাজকে ৫০ ওভারের দলের নেতৃত্ব দেওয়া হলেও, সেই টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন মার্করাম।
দক্ষিণ আফ্রিকার জন্য স্বস্তির খবর হলো পেসার লুঙ্গি এনগিডির দলে ফেরা। ঘরোয়া ক্রিকেটের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর তিনি ওয়ানডে দল দিয়ে ফিরছেন। প্রধান কোচ শুকরি কনরাড এনগিডির ফেরা নিয়ে বলেন, ‘এনগিডিকে ফিরে পেয়ে দারুণ লাগছে। টেস্ট দলের সাথে থেকে পুনর্বাসনের শেষ ধাপগুলো সম্পন্ন করেছে সে। আবার মাঠে ফেরার জন্য মুখিয়ে ছিল।’ এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টিতে দারুণ পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন সিনেথেম্বা কেশিলে।
আগামী ১ ডিসেম্বর কুগোম্পো সিটিতে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৪ ডিসেম্বর গেবেখায় দ্বিতীয় ও ৭ ডিসেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। এরপর ১০ ডিসেম্বর কিম্বার্লিতে প্রথম টি-টোয়েন্টি, ১২ ডিসেম্বর বেনোনিতে দ্বিতীয় এবং ১৩ ডিসেম্বর সেঞ্চুরিয়নে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।