জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও উপকূলীয় এলাকার সুরক্ষা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে ৩ কোটি মার্কিন ডলার অনুদান পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ৩১) আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এই কথা জানান। প্রাক-বাছাইয়ে অনুদান পাওয়ার জন্য নির্বাচিত শীর্ষ পাঁচটি দেশের একটি হলো বাংলাদেশ।
পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, প্রাপ্ত এই অর্থ উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অবকাঠামো মজবুত করা এবং জলবায়ুবান্ধব কৃষি খাতের প্রসারে খরচ করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার ও অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।
পরিবেশমন্ত্রী জানান, বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস উৎপাদনে দেশের অংশ শূন্য দশমিক ৫ শতাংশের নিচে হলেও বাংলাদেশ জলবায়ু সংকটে অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ, বন্যা ও লবণাক্ততা বৃদ্ধির মতো প্রাকৃতিক বিপত্তি দেশের অর্থনীতি ও জনজীবনকে বিপন্ন করে তুলছে। তাই সীমিত সামর্থ্য সত্ত্বেও বাংলাদেশ নিজস্ব পরিকল্পনা ও আন্তর্জাতিক সহায়তার মাধ্যমে কার্বন নিঃসরণ কমানোর দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।
জলবায়ু তহবিল প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করার পাশাপাশি উন্নত দেশগুলোর প্রতিশ্রুত আর্থিক সহায়তা দ্রুত ছাড় করা প্রয়োজন। এছাড়া লস অ্যান্ড ড্যামেজ ফান্ডে অনুদানের পরিমাণ বাড়ানোরও তাগিদ দেন তিনি।