২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন শীর্ষ নেতা সম্প্রতি বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন স্থল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। গত নভেম্বরে পশ্চিমবঙ্গের পেট্রাপোল এবং ত্রিপুরার আগরতলার কাছে আখউড়া আন্তর্জাতিক স্থল সীমান্ত পরিদর্শনে যান দলটির এই নেতারা।
পরিদর্শনকারী নেতাদের মধ্যে ছিলেন জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ সাত থেকে আটজন শীর্ষস্থানীয় নেতা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার প্রেক্ষিতে যাতায়াত ব্যবস্থা ও সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তারা এসব এলাকায় গিয়েছেন।
দলটির নেতাদের দাবি, শেখ হাসিনাকে স্থলপথে বাংলাদেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে একাধিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তাদের দলনেত্রীই নেবেন। এছাড়া ত্রিপুরায় অবস্থানরত দলটির সহযোগী সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেছেন।
এদিকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, অনেকেই গ্রেফতারের আশঙ্কার মধ্যেও দেশে ফেরার মানসিক প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে কয়েকশ নেতাকর্মী ভারত থেকে বাংলাদেশে ফিরে গেছেন। সীমান্ত পরিদর্শনের সময় এই নেতারা ভারতীয় নিরাপত্তা বেষ্টনীর বাইরে থেকেই পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের নিরাপত্তা কর্মকর্তারাও তাদের গতিবিধির ওপর নজর রেখেছিলেন। ত্রিপুরা সীমান্তে যাওয়া নেতাদের মধ্যে অন্তত দুজন ইতোমধ্যে আগরতলা ছেড়েছেন এবং বাকিদের শুক্রবার ফেরার কথা রয়েছে।