আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির পাশাপাশি ক্রিস্তিয়ানো রোনালদোকেও মাঠে নামানোর আশা প্রকাশ করেছেন আয়োজকরা। গত বৃহস্পতিবার গণমাধ্যমকে তেভেজ জানান, আগামী মাসে অনুষ্ঠেয় এই ম্যাচে খেলার বিষয়ে সম্মতি দিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। একই সঙ্গে পর্তুগিজ তারকা রোনালদোও উপস্থিত থাকবেন বলে নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন তিনি।
৪২ বছর বয়সী কার্লোস তেভেজ খেলোয়াড়ি জীবনে জাতীয় দলে মেসির সঙ্গে জুটি বেঁধে খেলেছেন। এছাড়া ক্লাব ফুটবলে ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন রোনালদোর সতীর্থ ছিলেন তিনি। এই সুবাদে দুই বিশ্বসেরা তারকাকে নিজের বিদায়ী আয়োজনে একই জার্সিতে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
আগামী কুড়ি ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কার্লোস তেভেজের এই বিদায়ী ম্যাচ। ক্যারিয়ারের শুরুর ক্লাব বোকা জুনিয়র্সে ফিরে এসে ২০২২ সালে ফুটবলকে বিদায় জানালেও এতদিন তার আনুষ্ঠানিক কোনো সমাপনী ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরে প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত মেসি ও রোনালদো। অতীতে স্প্যানিশ লিগে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের হয়ে তারা বহুবার একে অপরের মুখোমুখি হয়েছেন। তবে তেভেজের এই আয়োজনে তারা প্রথমবারের মতো একই দলের হয়ে খেললে সেটি হবে ফুটবলপ্রেমীদের জন্য এক ঐতিহাসিক ঘটনা।
দুই মহাতারকা ছাড়াও এই বিশেষ ম্যাচে আরও বেশ কয়েকজন তারকা ফুটবলারের অংশ নেওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইতালির সাবেক গোলরক্ষক জিয়ানলুইজি বুফন, আর্জেন্টিনার সাবেক মিডফিল্ডার হুয়ান রোমান রিকেলমে এবং ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ড।