গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অস্ত্রাগার লুটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে আট হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। এর আগে গত ২২ নভেম্বর থানার এসআই কামরুল আহম্মেদ এই মামলাটি করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাতটা ১০ মিনিট থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটায় সজ্জিত একটি দল সংঘবদ্ধভাবে টুঙ্গিপাড়া থানায় প্রবেশ করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। এ সময় হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে সাধারণ মানুষ ও পুলিশ সদস্যদের গুরুতর জখম করা হয়। পরে অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয় এবং থানা ভবন, পুলিশ ব্যারাক ও সরকারি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
পুলিশ জানিয়েছে, এই হামলায় আনুমানিক একুশ কোটি টাকার সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। পাশাপাশি প্রায় তিন কোটি টাকা মূল্যের অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, অস্ত্র আইন এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নাম থাকা আসামিদের মধ্যে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস সর্দার, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস।