ভারতে খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বুধবার দিবাগত রাতে মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকার ১/১২ নম্বর সি ব্লকের একটি বাসা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে আটক করে।
নিহত সাবেক এমপির এই মেয়ের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এবং তার মাতার নাম ইয়াসমিন ফেরদৌস। উল্লেখ্য, গত ২০২৪ সালের মে মাসে ভারতের কলকাতার নিউ টাউনের একটি ফ্ল্যাটে তার পিতা আনোয়ারুল আজীম আনার খুন হওয়ার পর তিনি বিচার চেয়ে গণমাধ্যমে কথা বলে আলোচনায় এসেছিলেন।
এ বিষয়ে ডিবির প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষণা করা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গতকাল রাতে লালমাটিয়ার ওই বাসা থেকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে রয়েছেন।