শারীরিক অসুস্থতা ও দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপি সম্পন্ন করে গত ২৬ অক্টোবর শুটিংয়ে অংশ নেন তিনি। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন। নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের দারুণ প্রশংসা ও ভালোবাসা পাচ্ছেন এই অভিনেত্রী।
পরিবার ও সমাজকেন্দ্রিক বাস্তবধর্মী গল্পের এই নাটকে তানিয়া বৃষ্টির সঙ্গে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু ও ডলি জহুর। নাটকে ডলি জহুরের মেয়ের চরিত্রে দেখা গেছে তানিয়া বৃষ্টিকে। পারিবারিক সম্পত্তি ও নারীর ন্যায্য অধিকারের টানাপোড়েন ঘিরে আবর্তিত হয়েছে নাটকের মূল গল্প। গত শনিবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর অল্প সময়ের মধ্যে ১৫ লাখেরও বেশি দর্শক নাটকটি উপভোগ করেছেন। নাটকটির শেষাংশে আইনি বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে যে, কেউ জীবদ্দশায় হেবা দলিল করে সম্পত্তি দিয়ে গেলে তা অন্য কেউ দাবি করতে পারে না।
কাজে ফেরার অনুভূতি প্রকাশ করে অভিনেত্রী তানিয়া বৃষ্টি বলেন, "শুরুতেই কৃতজ্ঞতা মহান আল্লাহ্র কাছে; যিনি আমাকে কিছুটা সুস্থতা দান করেছেন বিধায় আমি কাজে ফিরতে পেরেছি। সেইসঙ্গে কৃতজ্ঞতা আমার জন্য যারা সব সময় দোয়া করেছেন। কৃতজ্ঞ এই নাটকের পরিচালকের প্রতি, আমাকে নিয়ে তিনি ভেবেছেন এবং জীবন ঘনিষ্ঠ একটি গল্পে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার চরিত্রটি ঠিকঠাকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অল্প সময়ে এই নাটক থেকে অবিশ্বাস্য রকম সাড়া পাচ্ছি। দর্শকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা।"
নাটকটির নির্মাতা ইকসান রনি দর্শকদের এমন ইতিবাচক সাড়া পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানিয়ে বলেন, "'অংশীদার' মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। মাত্র ২২ ঘণ্টায় দর্শকেরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।" এছাড়া তানিয়ার অভিনয়ের প্রশংসা করে নির্মাতা জানান, অসুস্থতার পর শুটিংয়ে ফিরে তাকে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকরাও অভিনেত্রীর সুস্থতা কামনা করে নিয়মিত ইতিবাচক মন্তব্য প্রকাশ করছেন।