পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ ও সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত হওয়া তৃতীয় সভা আজ সোমবার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের নিজস্ব সভাকক্ষে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর। আজকের বৈঠকে দুটি প্রধান বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। প্রথমত, তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধিদের পক্ষ থেকে মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল করা হবে। দ্বিতীয়ত, এই খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ নিয়ে আলোচনা করা হবে।
এর আগে ১৬ নভেম্বর এই তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছিল। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় বৈঠকে বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছিল শ্রমিকপক্ষ। তবে সেদিন মালিকপক্ষের প্রতিনিধিরা তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে অভ্যন্তরীণ আলোচনার জন্য চার কার্যদিবসের সময় চেয়ে নেন।
আজকের সভায় বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সংশ্লিষ্ট সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। নির্ধারিত সদস্যদের মধ্যে রয়েছেন নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। এ ছাড়া শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারের উপস্থিত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের নভেম্বর মাসে পোশাকশ্রমিকদের সর্বশেষ নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এই মজুরি কাঠামো আগামী ডিসেম্বর মাস থেকেই কার্যকর হওয়ার কথা রয়েছে।