ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় পরিচালকদের প্রস্তাবের ভিত্তিতে দ্বিতীয়বারের মতো সংস্থাটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জয় শাহ। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় ৩৮ বছর বয়সী জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদ লাভ করেন। এর আগে ২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির প্রধান নির্বাচিত হয়েছিলেন তিনি। নতুন এই মেয়াদে আগামী ২০৩০ সালের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন এই কর্মকর্তা।
পুনর্নির্বাচিত হওয়ার পর আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয় শাহ এক বিবৃতিতে জানান, বিশ্বজুড়ে ক্রিকেটের স্বার্থ রক্ষায় সকল সদস্য দেশের সঙ্গে একত্রে কাজ করার বিষয়ে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান সময়কে ক্রিকেটের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর পর্যায় হিসেবে উল্লেখ করেন তিনি।
আইসিসি বোর্ড জানিয়েছে, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দীর্ঘ একশ আঠারো বছর পর ক্রিকেটের প্রত্যাবর্তন হতে চলেছে। এই ঘটনা খেলাটির বৈশ্বিক জনপ্রিয়তা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের দর্শকদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বড় সুযোগ তৈরি করবে বলে মনে করছে সংস্থাটি। পাশাপাশি ক্রিকেটের ভিত্তি শক্তিশালী করা, নারী ক্রিকেটের উন্নয়ন এবং টেকসই বাণিজ্যিক সম্ভাবনা তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পূর্বে জয় শাহ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিবের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র। তার এই পুনর্নিয়োগের মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের শীর্ষ নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রইল।