রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর এইডিস মশাবাহিত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে মারা যাওয়া আটজন রোগীর মধ্যে ঢাকা বিভাগে পাঁচজন এবং ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। এছাড়া চলতি বছরে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৫০৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
নতুন আক্রান্ত ১ হাজার ৯৫২ জন রোগীর মধ্যে শুধু ঢাকা বিভাগেই ভর্তি হয়েছেন ৮৭৩ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫৯ জন, রাজশাহী বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ২০৯ জন, খুলনা বিভাগে ১৯৩ জন, ময়মনসিংহ বিভাগে ৯১ জন, রংপুর বিভাগে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে চিকিৎসকরা এইডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ দিয়েছেন। এছাড়া জ্বর দেখা দিলে কোনো অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলেছেন তারা। প্রসঙ্গত, স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর হিসাব সংরক্ষণ করে আসছে।