নওগাঁয় ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের নির্ধারিত সীমা লঙ্ঘন করে জালিয়াতির মাধ্যমে চার কোটি চৌান্ন লাখ তেরো হাজার টাকা আত্মসাতের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। শনিবার চৌদ্দ নভেম্বর দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এই তথ্য জানান। ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় টানা ছত্রিশ ঘণ্টা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন নওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার মো. শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি। পুলিশ জানায়, শহিদুল ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন এবং ২০১৫ সালে তার অনুকূলে এক লাখ টাকা সীমার একটি খিদমাহ ক্রেডিট কার্ড ইস্যু করা হয়েছিল।
পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানান, ওই ক্রেডিট কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে অভিনব কায়দায় ব্যাংক হিসাব থেকে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন অভিযুক্ত। গত বছরের জুন থেকে চলতি বছরের নয় নভেম্বর পর্যন্ত চারশ কুড়ির বেশি লেনদেনের মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়।
অভিযানকালে তাদের কাছ থেকে নগদ পনেরো লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের সাতটি এটিএম কার্ড, তিনটি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন এবং জানিয়েছেন যে আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশ অর্থাৎ প্রায় দেড় কোটি টাকা দিয়ে তারা বগুড়ায় জমি কিনেছেন। বাকি অর্থ বিলাসী জীবনযাপনে খরচ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনার পেছনে অন্য কোনো চক্র জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।