শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার সিডিএ টেক এলাকার একটি ভাড়া বাসা থেকে আইনজীবী এম কামাল উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিজেকে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ সংগঠনের সভাপতি বলে দাবি করা এই আইনজীবী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও প্রচার করে আলোচনায় এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ওই বাসায় স্থানীয় কিছু মানুষ জড়ো হলে তাদের সঙ্গে কামাল উদ্দিনের কথা-কাটাকাটি হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ গণমাধ্যমকে জানান, এম কামাল উদ্দিনকে কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়নি। তার বাড়ি সাতকানিয়া উপজেলায় হলেও তিনি প্রায় এক মাস ধরে কর্ণফুলীর ওই এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
ওসি আরও জানান, স্থানীয় বাসিন্দাদের কোনো অভিযোগ রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার পর এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।