পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আমদানিকৃত পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে। শনিবার ভোর ৬টা ৫ মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তিনটি বিশেষায়িত লরিতে করে এই জ্বালানি প্রকল্প চত্বরে প্রবেশ করে।
এর আগে শুক্রবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লরিগুলো রওনা হয়। যমুনা সেতু, বনপাড়া ও দাশুড়িয়া হয়ে রূপপুরে পৌঁছানোর এই যাত্রাপথে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্য ছাড়াও এসআরবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মীরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। জ্বালানি পরিবহনের সময় যানজট এড়াতে মহাসড়কে সাময়িকভাবে ভারী যান চলাচল স্থগিত রাখা হয়েছিল।
রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য মোট সাতটি কার্গোতে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য অতিরিক্ত আরও ৪৮টি অ্যাসেম্বলি বাংলাদেশে আসার কথা রয়েছে। বর্তমান চালানের মাধ্যমে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটিসহ মোট ছয়টি চালান সফলভাবে প্রকল্প এলাকায় পৌঁছাল।
রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে এই প্রকল্পে। এর মধ্যে প্রথম ইউনিটে ইতিমধ্যে ‘পাওয়ার স্টার্টআপ স্টেজ-সি’ কার্যক্রম শুরু হয়েছে। বায়েরার চেয়ারম্যানের অনুমোদন নিয়ে চলা এই স্তরের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে জ্বালানি সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে।