লগইন
লগইন
প্রযুক্তি

মাইক্রোসফটের সেবা বিপর্যয়ে বিশ্বজুড়ে ভোগান্তি, ১২ ঘণ্টাতেও মেলেনি সমাধান

বিশ্বজুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দেওয়ায় লাখো ব্যবহারকারী চরম ভোগান্তিতে পড়েছেন। বৃহস্পতিবার শুরু হওয়া এই সমস্যায় আউটলুক ইমেইল, টিমস মিটিং টুল, কোপাইলট এবং মাইক্রোসফট ৩৬৫-এর অন্যান্য সেবা ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা। প্রায় চৌদ্দ ঘণ্টার বেশি সময় ধরে এই সমস্যা চলছে এবং এর প্রভাব পড়েছে বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের মতো বিভিন্ন দেশে।

বিভ্রাট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সমস্যার শুরু হওয়ার পর প্রায় এক ঘণ্টার মধ্যে তা চৌহাত্তরটি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কেবল আউটলুক নিয়ে প্রায় এক লাখ চল্লিশ হাজার অভিযোগ জমা পড়ে, যা স্বাভাবিক সময়ের তুলনায় দুই হাজার গুণ বেশি। এই গোলযোগের ফলে বিভিন্ন দেশের ব্যাংক, সরকার ও আদালতের দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ওপেনএআই এবং অ্যানথ্রপিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সেবাগুলোও বিঘ্নিত হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের কয়েকটি সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যার ফলে এই পরিস্থিতির তৈরি হয়। তবে এটি কোনো সাইবার হামলা বা নিরাপত্তা ত্রুটির ঘটনা নয় বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। মাইক্রোসফটের একজন নির্বাহী জানান, ট্র্যাফিক অপটিমাইজেশনের মাধ্যমে সার্ভার স্থিতিশীলতা এবং সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হয়েছে।

এদিকে এই ঘটনার পর ইউরোপের প্রযুক্তিখাতে নিজস্ব সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ক্যাপিটাল ইকোনমিক্সের অর্থনীতিবিদ নিল শিয়ারিং জানিয়েছেন, ইউরোপের ইন্টারনেট ব্যবস্থা মূলত মার্কিন প্রযুক্তি কোম্পানির ওপর নির্ভরশীল। সাইবার নিরাপত্তা উপদেষ্টা জেক মুর ও প্রযুক্তি সাংবাদিক জ্যাকব ওয়ার্ড উল্লেখ করেছেন যে, ক্লাউড সিস্টেমের ওপর অতিরিক্ত নির্ভরতাই বর্তমান অবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

মন্তব্য করুন