হুমকি এবং বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করেও ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি কোনোভাবেই বন্ধ করা যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার আহমদ ওয়াহিদি। বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও তাসনিম নিউজের বরাতে এই তথ্য জানা গেছে।
মহাকাশ দিবস উপলক্ষে প্রকাশিত এক বিশেষ বার্তায় আইআরজিসি প্রধান এই মন্তব্য করেন। ওই বার্তায় তিনি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত প্রয়াত হাসান তেহরানি মোগাদ্দামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে আহমদ ওয়াহিদি বলেন, বর্তমান সদস্যরাও একই চেতনা ধারণ করে দেশের ভূগর্ভে ও পাহাড়ের গভীরে দেশের সামরিক শক্তি বৃদ্ধির কাজ চালিয়ে যাচ্ছেন। শত্রুদের স্পষ্টভাবে জেনে রাখা উচিত যে, রক্ত ও বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত এই পথ কোনো বাধা-নিষেধ দিয়ে রোখা যাবে না।
এছাড়াও তিনি বাহিনীর সাবেক অ্যারোস্পেস কমান্ডার আমির আলী হাজিজাদেহ এবং মাহমুদ বাঘেরির অবদানের কথা স্মরণ করে শ্রদ্ধা জানান। একই সঙ্গে দেশের সামরিক সক্ষমতা আরও সুদৃঢ় করতে আইআরজিসির সব সদস্যকে নিষ্ঠার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।