জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোকে নতুন করে ঋণের বোঝায় না ফেলে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের অগ্রাধিকারের ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ব্যয়ের প্রস্তাব দেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বের জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনও অপ্রতুল এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজনগুলোকে যথাযথভাবে বিবেচনায় নেয় না। জলবায়ু-সংক্রান্ত ক্ষয়ক্ষতি অর্থনীতির ওপর বড় ধরনের বোঝা সৃষ্টি করছে। তিনি বলেন, জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর অনুদান প্রয়োজন, আরও ঋণ নয়। নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজনের জন্য জোরালো সহায়তারও প্রয়োজন রয়েছে।
‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির আলোকে বাংলাদেশ পাঁচটি জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে বলে উল্লেখ করেন সরকারপ্রধান। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-সহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর প্রস্তাব দেন তিনি। এ ছাড়া পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আহ্বান জানান।
বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম হলেও দেশ এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে মেটানোর লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা এবং নদী ও খাল খননের উদ্যোগ নেওয়ার কথাও তিনি জানান।