আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাተ জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর ভারতের গোয়ায় এই নিলাম অনুষ্ঠিত হবে। এর আগে বছরের শুরুতে রাজনৈতিক টানাপোড়েন ও বিসিসিআইয়ের নির্দেশের কারণে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ পড়তে হয়েছিল এই বাঁহাতি পেসারকে।
সাকিব আল হাসানের পর আইপিএলে সবচেয়ে পরিচিত বাংলাদেশি মুখ মোস্তাফিজ। তিনি পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে নয় মৌসুম খেলেছেন এবং ২০১৬ সালে অভিষেকেই সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জেতেন, যা টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র বিদেশি হিসেবে তাঁর অর্জন। আইপিএলে এ পর্যন্ত ৬০ ম্যাচে তিনি ৮.১৩ ইকোনমিতে ৬০ উইকেট শিকার করেছেন।
মোস্তাফিজ ছাড়াও আরও ৬ থেকে ৭ জন বাংলাদেশি ক্রিকেটার আসন্ন আসরের জন্য নাম লিখিয়েছেন। এর মধ্যে পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ব্যাটার তাওহীদ হৃদয়ের নাম রয়েছে। খেলোয়াড় নিবন্ধনের শেষ সময় আগামী ১৭ নভেম্বর।
আগামী মিনি নিলামে দলগুলো পুরোপুরি দল পুনর্গঠনের সুযোগ পাচ্ছে না; বরং নিজেদের প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় ধরে রেখে বা ছেড়ে দিয়ে স্কোয়াড সাজাতে হবে। প্রতিটি দলে ১৮ থেকে ২৫ জন খেলোয়াড় রাখা যাবে, যার মধ্যে সর্বোচ্চ আটজন বিদেশি থাকতে পারবেন। দলগুলোর জন্য মোট খরচের সীমা ১৫৭ কোটি রুপি হলেও নিলামে কার হাতে কত অর্থ থাকবে তা খেলোয়াড় চূড়ান্ত হওয়ার পর নিশ্চিত হবে।