লগইন
লগইন
অপরাধরাজনীতিসারা দেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আব্দুল আজিজের ছেলে ডিবি হেফাজতে

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নাটোর-৪ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁকে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি।

সোমবার (২৬ অক্টোবর) রাতে গুরুদাসপুরে নিজ বাসা থেকে তাঁকে ডিবি হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

এদিকে শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা শাকিল হত্যাকাণ্ডের জন্য নুরুজ্জামান মিন্টুকে দায়ী করেন।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার থেকে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন শাকিল। হেলমেট পরা মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। হামলার ১২ দিন পর সোমবার রাত সাড়ে আটটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ অক্টোবর রাত ১০টার দিকে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা দুই রাউন্ড গুলি ছোড়েন। তাঁদের হাত থেকে বাঁচতে শাকিল দৌড়ে পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে টানা ১২ দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম গুরুদাসপুর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, মামলার আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।

শাকিলের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবার, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থান:
  • রাজশাহী

Related posts

দুদকের মামলায় গ্রেপ্তার সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান

জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার

mdjhsagor0099@gmail.com

সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থার শাসকদের মধ্যে গভীর ঐক্য রয়েছে: আনু মুহাম্মদ

mdjhsagor0099@gmail.com

কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের নেতৃত্ব দখলের চেষ্টা করছেন বিএনপি নেতা, অভিযোগ বর্তমান সভাপতির

বাড়ির পাশের গাছে ঝুলছিল হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ

mdjhsagor0099@gmail.com

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

mdjhsagor0099@gmail.com

মন্তব্য করুন