ওমানে অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে পাকিস্তান শাহীনসের কাছে পাঁচ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ 'এ' দল। প্রথমে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেন দিপুর সেঞ্চুরির সুবাদে ২৩২ রান সংগ্রহ করে বাংলাদেশি দলটি। জবাবে ব্যাট করতে নেমে ২৮ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
ম্যাচের শুরুতে পেসার রিপন মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত দুই ওপেনারকে হারালেও পাকিস্তান শাহজিব খান ও হাসান নেওয়াজের অর্ধশতকে খেলায় ফেরে। পরবর্তীতে তাদের আউট করে বাংলাদেশ সুযোগ তৈরি করলেও ফিল্ডিংয়ের দুর্বলতার কারণে তা হাতছাড়া হয়। সুযোগের সদ্ব্যবহার করে অধিনায়ক আব্দুল সামাদ ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন এবং ফারহান ইউসুফ ৩৯ বলে করেন ৪৬ রান।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সাইফ হাসান ও মাহমুদুল হাসান জয়কে হারায় বাংলাদেশ 'এ' দল। এরপর শাহাদাত ও মাহিদুল ইসলাম অঙ্কন ৯৫ রানের জুটি গড়লেও রান তোলার গতি ধীর ছিল। অভিজ্ঞ আফিফ হোসেন ও সাব্বির রহমান দ্রুত আউট হন। শেষ পর্যন্ত শাহাদাত সেঞ্চুরি করলেও দলের সংগ্রহ আড়াইশর আগেই থেমে যায়।