ইনজুরি কাটিয়ে দীর্ঘ পাঁচ মাস পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন জাতীয় দলের পেসার নাহিদ রানা। তবে অনুশীলনে ফেরার মুহূর্তে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন এই গতিময় পেসার। বর্তমানে তাকে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন, গত কয়েক দিন ধরে জ্বরে ভোগার পর পরীক্ষা করানো হলে নাহিদের ডেঙ্গু পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই ক্রিকেটার।
গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর সাইড স্ট্রেইন ও পিঠের ব্যথার কারণে মাঠের বাইরে চলে যান নাহিদ। অস্ট্রেলিয়ার চিকিৎসা শেষে সম্প্রতি তিনি দেশে ফিরে নেটে অনুশীলন শুরু করেছিলেন। আগামী ১০ ডিসেম্বর কিম্বার্লিতে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার মাঠে ফেরার কথা ছিল।
তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে এই সিরিজে তার খেলা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। চিকিৎসকদের মতে, সুস্থ হওয়ার পরও একজন পেসারের ফিটনেস ফিরে পেতে ও স্বাভাবিক গতিতে বোলিং শুরু করতে কয়েক সপ্তাহ সময় লাগে। তাই ২২ গজে নাহিদের প্রত্যাবর্তনের অপেক্ষা আরও দীর্ঘ হতে যাচ্ছে।