বলিউড অভিনেতা শাহরুখ খানের আইনজীবী কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে ধারণ করা একটি ভিডিওকে কেন্দ্র করে গত ২৩ নভেম্বর এই নোটিশ পাঠানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটিতে দাবি করা হয়েছিল যে, অনন্ত আম্বানি অভিনেতা শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন। অভিনেতার আইনি দল এই দাবিকে বিভ্রান্তিকর ও মানহানিকর হিসেবে চিহ্নিত করেছে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সদ্গুরুর সঙ্গে কথা বলার সময় ধারণকৃত ভিডিওটিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এরই পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।