বৃহস্পতিবার রাতে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, শিক্ষা খাতে অর্থ বরাদ্দকে কোনোভাবেই খরচ হিসেবে দেখা উচিত নয়, এটি মূলত মানবসম্পদ গড়ে তোলার একটি বড় বিনিয়োগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এবং মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইরাব সভাপতি মীর মোহাম্মদ জসিম।
উপদেষ্টা মাহ্দী আমিন উল্লেখ করেন, এই বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো মানবিক গুণসম্পন্ন সুনাগরিক এবং দক্ষ জনশক্তি তৈরি করা। তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির বরাদ্দ ক্রমান্বয়ে ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে এবং এর অংশ হিসেবে প্রথম বছরেই প্রায় ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে। বড় অবকাঠামো তৈরির চেয়ে মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
শিক্ষাকে ঢেলে সাজানোর বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও কারিগরি শিক্ষাসহ নতুন চারটি বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষায় ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশন বাড়ানো, কারিকুলাম ব্যবহারিক করা এবং মিড-ডে মিল চালুর পাশাপাশি প্রথম শ্রেণি থেকেই শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
গণমাধ্যমকে জাতির দর্পণ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো ভুলত্রুটি হলে সাংবাদিকরা যেন যৌক্তিক ও বস্তুনিষ্ঠ সমালোচনা করেন। সরকারের ভালো কাজ বাস্তবায়নে তিনি সাংবাদিকদের ইতিবাচক পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। শিক্ষকরা যাতে সুযোগ-সুবিধা পান এবং শিক্ষার্থীরা ইতিবাচক পরিবেশ পায়, সে লক্ষ্যে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একসাথে কাজ করছে।