স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশ বের হয়ে যাওয়ার পরও নিজেদের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেছে অস্ট্রেলিয়া। গত ২৩ নভেম্বর অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের (টিফা) আওতায় অনুষ্ঠিত যৌথ কার্যকরী দলের পঞ্চম বৈঠকে এই ঘোষণা দেওয়া হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বুধবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
আলোচনা সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অন্যদিকে অস্ট্রেলীয় পক্ষের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের সহকারী সচিব ব্রুস সোয়ার। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টি স্থান পায়। বর্তমানে আম রপ্তানির অনুমোদনের জন্য অস্ট্রেলিয়ায় কারিগরি মূল্যায়ন চলছে। এছাড়া পণ্য ও সেবা বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসাবান্ধব পরিবেশ এবং দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় অনুষ্ঠিত প্রথম বৈঠকে অস্ট্রেলিয়া প্রথম এই শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দিয়েছিল। এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বাতিল হয়ে যাওয়ার কথা থাকলেও অস্ট্রেলিয়ার এই প্রতিশ্রুতি দেশটির বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।