দেশের চার হাজারের অধিক ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট পাঁচ ধাপে সম্পন্ন করার রূপরেখা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর অংশ হিসেবে আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, কোন কোন ইউনিয়নে কবে ভোটগ্রহণ হবে, সেই চূড়ান্ত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া ইউপি নির্বাচনকে সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবন্ধনের ক্রমানুসারে সংলাপে বসার পরিকল্পনা করছে কমিশন।
সভায় ইভিএমের ব্যবহার এবং জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে আলোচনা হয়েছে। ইসি জানিয়েছে, কোনো নির্বাচনেই এখন থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে না। বর্তমানের সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে অপসারণ করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির কাজের অগ্রগতি নিয়ে সভায় পর্যালোচন করা হয়েছে। এছাড়া গত চার-পাঁচ দিন ধরে স্মার্ট কার্ড ছাপানোর সফটওয়্যারে ত্রুটি দেখা দিলেও এনআইডি সেবা বন্ধ নেই বলে জানান এই নির্বাচন কমিশনার।
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে কোনো রাজনৈতিক দল থেকে দাবি আসেনি বলে জানান ইসি সানাউল্লাহ। তিনি উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বাহিনীগুলোর কার্যকারিতা ও পর্যাপ্ততা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী ডিসেম্বরে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব স্থানীয় সরকার নির্বাচনে পড়বে না বলে মনে করে কমিশন। বরং স্থানীয় সরকার নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।